টানা সাত ম্যাচ টস হেরেছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যারন ফিঞ্চ। বাংলাদেশের বিপক্ষে আজ টসে হারলে টানা আট ম্যাচে টসে হারা অস্ট্রেলীয় অধিনায়ক হিসেবে নতুন এক রেকর্ড গড়বেন।
     টসভাগ্য বিশেষ সুবিধার নয় ফিঞ্চের। ছবি : টুইটার

অ্যারন ফিঞ্চ হাঁপ ছেড়ে বাঁচতেই পারেন! অন্তত টসের ওপর নির্ভর করে বিশ্বকাপে পয়েন্ট দেওয়া হয় না। যদি হতো, তাহলে বহু আগেই অস্ট্রেলিয়ার সেমিফাইনালে যাওয়ার স্বপ্ন শেষ হয়ে যেত! অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যারন ফিঞ্চের টসভাগ্য এতটাই খারাপ। টানা সাত ম্যাচে টস হেরেছেন এই অধিনায়ক। আশা করছেন, আজকে বাংলাদেশের বিপক্ষে হয়তো টসে জিতবেন!
অধিনায়ক হিসেবে ফিঞ্চ যে কত পরিণত, তার প্রমাণ দেখছে এই বিশ্বকাপ। গত ১৩ ম্যাচের মধ্যে ১২ ম্যাচে অস্ট্রেলিয়া যে জিতেছে, তার পেছনে ফিঞ্চের ক্ষুরধার অধিনায়কত্বের ভূমিকা অনেক বেশি। ম্যাচের মাঝে মাঠে ফিল্ডারদের অবস্থান বা বোলিং পরিবর্তনের সময় কিছু এমন সিদ্ধান্ত নেন, যে সিদ্ধান্তগুলো ম্যাচের ফলাফলকে প্রভাবিত করে। কিন্তু টসে নামতে গিয়েই ফিঞ্চের সব কারিকুরি যেন থেমে যাচ্ছে। মাশরাফির বিপক্ষে আজকে টস করতে নামার আগে খুব করে চাইবেন, টানা আট ম্যাচে টস হারার রেকর্ডটা যেন না হয়। আজকে মাশরাফির বিপক্ষে টসে হারলে এই বিশ্বকাপ জিতুন বা না জিতুন, বিশ্বকাপজয়ী অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যালান বোর্ডারের পাশে এসে যাবেন ফিঞ্চ। টানা আট ম্যাচ টসে হেরে এই বোর্ডারই অস্ট্রেলিয়ার অধিনায়কদের মধ্যে টানা টস হারার রেকর্ড গড়ে রেখেছেন যে!

টসভাগ্য ফেরানোর জন্য অস্ট্রেলিয়ার সহ-অধিনায়ক অ্যালেক্স ক্যারি ফিঞ্চের পরিবর্তে টস করতে যাওয়ার কথা ভাবছেন, সাংবাদিকদের ঠাট্টা করে জানিয়েছেন তিনি, ‘ফিঞ্চ যদি কালকে টস না করতে যায় তাহলে খুবই ভালো হয়, দেখা যাক সে কী সিদ্ধান্ত নেয়!’ যদিও এ ঘটনা ঘটার সম্ভাবনা খুব ক্ষীণ!


তবে ফিঞ্চ চাইলে দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ফাফ ডু প্লেসিসের কাছ থেকে অনুপ্রেরণা নিতে পারেন। টানা ছয় ম্যাচ টসে হারার পর গত বছর জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের ফাইনাল ম্যাচে নিজে না গিয়ে জেপি ডুমিনিকে টস করতে পাঠিয়েছিলেন ডু প্লেসিস। অথচ ডুমিনি মূল একাদশেই ছিলেন না। ডু প্লেসিসের ফাটকাটা কাজেও লেগে যায়, টসে জেতেন ডুমিনি। পরে ম্যাচ জিতে সিরিজ নিজেদের করে নেয় দক্ষিণ আফ্রিকা।
এর আগে টানা সাত ম্যাচ টসে হেরেছিলেন অস্ট্রেলিয়ার সাবেক দুই অধিনায়ক স্টিভ ওয়াহ ও মাইকেল ক্লার্ক। স্টিভ ওয়াহর এই রেকর্ডটা হয়েছিল আবার ১৯৯৯ বিশ্বকাপে, যেবার অস্ট্রেলিয়াই জিতেছিল শিরোপা।


অস্ট্রেলীয়রা ফিঞ্চের টানা টস হারাকে সৌভাগ্যের ইঙ্গিত বলে ভাবতেই পারেন!