মামলার তদন্ত করতে গিয়ে অভিযুক্তদের ধারালো অস্ত্রের আঘাতে আহত হয়েছেন পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. রফিকুল ইসলাম(৩৫)। শুক্রবার সকাল ১১টার দিকে পিরোজপুরের কাউখালী উপজেলার জয়কুল গ্রামে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পাশে এ ঘটনা ঘটে। এ সময় আসামি হায়দার আলী হাওলাদার ও তার স্ত্রী সানজিদা আক্তার পরী পালিয়ে যায়।
এলাকাবাসী ও স্থানীয় ইউপি সদস্য হাফিজুর রহমান জানান, জয়কুল গ্রামের মো. পনিরের স্ত্রী হ্যাপি বেগম বৃহস্পতিবার কাউখালী থানায় একই গ্রামের হায়দার ও তার স্ত্রী সানজিদা বেগম পরীর বিরুদ্ধে একটি অভিযোগ দেয়। শুক্রবার বেলা ১১টার দিকে কাউখালী থানার এসআই রফিকুল ইসলাম ও কনষ্টেবল মো. কাদের জয়কুল গ্রামে হায়দারের বাড়ি গিয়ে হায়দারকে ডাকাডাকি করলেও দরজা খুলেনি। কিন্তু কোন সাড়া শব্দ না করে হঠাৎ দরজা খুলে হায়দার ও তার স্ত্রী পরী বেগম কাউখালী থানার উপ-সহকারী পরিদর্শক রফিকের উপর ধারালো দা দিয়ে এলোপাথাড়ি কোপাতে থাকে। এ সময় রফিক নিজেকে রক্ষা করতে গেলে তার দু’হাত ও মুখ মণ্ডলে দায়ের কোপে মারাত্মক হয়। এ সময় আশপাশের লোকজন এগিয়ে আসলে হায়দার ও তার স্ত্রী কৌশলে পালিয়ে যায়।
আহত এএসআই রফিকুলকে প্রথমে কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।
এ বিষয়ে কাউখালী উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. ছিদ্দিকুর রহমান জানান, আহত সহকারী উপ-পরিদর্শক (এএসআই) রফিকুল বাম হাতের কবজির উপরে ও ডান হাতে এবং মুখ মণ্ডলে আঘাতপ্রাপ্ত হয়েছেন।
কাউখালী থানার ওসি মো.কামরুজ্জামান তালুকদার জানান, ‘পুলিশের এএসআই রফিকুলের আহত হয়েছেন। অভিযুক্তদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।’



0 Comments