টাইগারদের পাকিস্তান সফরের চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পিসিবির কাছে আরও সময় চেয়ে চিঠি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস বলেন, ‘এ বিষয়ে আগামী ১২ জানুয়ারি আমরা ফাইনাল সিদ্ধান্ত নিতে পারবো বলে মনে করি।’

সূচি অনুযায়ী, পাকিস্তানের সঙ্গে তিনটি টি-টোয়েন্টি ও দুটি টেস্ট ম্যাচ খেলার কথা বাংলাদেশের। সেই হিসেবে চলতি জানুয়ারি মাসেই পাকিস্তান সফর করার কথা টাইগার বাহিনীকে। কিন্তু নিরাপত্তা-জনিত কারণ দেখিয়ে সেই দেশটিতে শুধু টি-টোয়েন্টি সিরিজ খেলতে রাজি বাংলাদেশ। আর টেস্ট ম্যাচের জন্য নিরপেক্ষ ভেন্যুর প্রস্তাব দিয়ে আসছে বিসিবি। কিন্তু এ প্রস্তাবে রাজি নয় পিসিবি। এ নিয়ে দু’দেশের বোর্ডের মধ্যে এক ধরনের বাকযুদ্ধ চলছে।

গত বুধবার (৮ জানুয়ারি) বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেছিলেন, বৃহস্পতিবার (৯ জানুয়ারি) পাকিস্তান সফর নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বিসিবি। তবে বিসিবি প্রধান তার কথা আর কাজের মিল না রেখে তিনি এ বিষয়ে সিদ্ধান্ত নিতে আরও সময় চেয়েছেন।